নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন চরম উৎকণ্ঠায় চলাচল করছেন হাজারো মানুষ। সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। জনগুরুত্বপূর্ণ এই সেতুটি দ্রুত পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের সংযোগ খালের ওপর এই ঝুঁকিপূর্ণ সেতুটি অনেক বছর আগে নির্মাণ করা হয়। প্রতিদিন এই সেতু দিয়ে হাজারো মানুষ ছাড়াও রিকশা, ভ্যান ও বাইসাইকেলের মতো হালকা যানবাহন চরম ঝুঁকি নিয়ে পারাপার হয়। এর ফলে প্রায়ই ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও এর সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, পশ্চিম সনমান্দী খালের ওপর অবস্থিত এই পুরোনো ও জরাজীর্ণ সেতুটি দিয়ে যাতায়াত করা পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুর বিভিন্ন অংশ ভেঙে পড়ার পাশাপাশি রেলিং না থাকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ জানান, এই সেতুর ওপর দিয়েই সনমান্দী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষের যাতায়াত। প্রায় ৩৫ বছরের পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় এখানে অহরহ দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সেতুটি নির্মাণের জন্য প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনা অনুমোদন হলেই খুব দ্রুত এই জরাজীর্ণ সেতুর পুনর্নির্মাণকাজ শুরু করা হবে।
4:11 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জীর্ণ সেতুতে বাড়ছে দুর্ভোগ
-
MIT ERP
- Update Time : 01:37:08 am, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post












