মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরকে এবার হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রবেশমুখে থামিয়ে দেয় পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনায় এনসিপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে। এর আগে একই দিন বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির বহর আটকে দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে আবারও হবিগঞ্জের পথে রওনা হন। বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। ওই ঘটনার পর জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়ায় বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা জারি থাকলেও এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তাদের সঙ্গে সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং সারোয়ার তুষারসহ দলের আরও কেন্দ্রীয় নেতারা থাকার কথা ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা সদরে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলেও ১৪৪ ধারা জারির কারণে তারা আইন মেনে কর্মসূচি স্থগিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত দেশবাসীর সামনে তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান তিনি। অন্যদিকে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু বলেন, হবিগঞ্জ শান্তিপ্রিয় মানুষের জেলা এবং এখানকার রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি দাবি করেন, এনসিপির কিছু নেতা রাজনৈতিক শিষ্টাচার না মেনে বিভিন্ন নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা জানিয়ে শালীন রাজনৈতিক আচরণের আহ্বান জানান। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, মঙ্গলবারের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হল এলাকায় জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় সবুজবাগ এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ নেতারা নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নেতাদের সার্কিট হাউসে পৌঁছে দেয়। ঘটনার পর এনসিপি এবং বিএনপির সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি ঘোষণা করলে উত্তেজনা আরও বাড়ে। এর পরিপ্রেক্ষিতে বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি এবং বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
2:20 am, Thursday, 30 July 2026
শিরোনাম :
বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা
-
MIT ERP
- Update Time : 12:02:04 am, Thursday, 30 July 2026
- 6
Tag :
Popular Post





















