রাজধানীর গুলশানে অবস্থিত পশুচিকিৎসা প্রতিষ্ঠান ‘প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেড’ সফলতার এক বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ। এর মাধ্যমে পোষা প্রাণীর মালিকেরা ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং প্রাণীর চিকিৎসাসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। গুলশান-২-এর ২৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি রুবাইয়াত হাউসে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ, পরিচিতি পর্ব, হাসপাতালের সুযোগ-সুবিধা ও নতুন উদ্যোগ নিয়ে উপস্থাপনা এবং হাসপাতাল পরিদর্শনের আয়োজন করা হয়।
পাশাপাশি অতিথিদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। ২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা চালু করে প্রিসাইজ পেটল্যাব। পোষা প্রাণী অসুস্থ হলে মালিকেরা যেন দ্রুত রোগ নির্ণয়, নির্ভরযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা পান—এ লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। দেশে পোষা প্রাণীর চিকিৎসাসেবা খাতের সীমাবদ্ধতা বিবেচনায় জরুরি সেবার নির্দিষ্ট প্রক্রিয়া, উন্নত রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে চিকিৎসার ওপর গুরুত্ব দিচ্ছে হাসপাতালটি।
বর্ষপূর্তি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মোবাইল অ্যাপের উদ্বোধন। অ্যাপটির মাধ্যমে পোষা প্রাণীর জন্য ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, জরুরি প্রয়োজনে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং চিকিৎসার নথি মোবাইল ফোনে দেখার সুযোগ থাকবে। এতে চিকিৎসাসেবার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি এক দফা চিকিৎসার সঙ্গে পরবর্তী চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।
একই সঙ্গে রোগীর তথ্য সংরক্ষণ ও প্রাণীপ্রেমীদের মতামত পাওয়ার ক্ষেত্রেও অ্যাপটি সহায়ক হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রিসাইজ পেটল্যাবের ব্যবস্থাপনা পরিচালক সাদিয়া জারিন শম্পা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরের প্রাণী—পথের প্রাণী, ঘরের পোষ্য কিংবা বন্য প্রাণী—সবার কল্যাণ, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
’ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আলাদা জরুরি বিভাগ চালু রেখে ২৪ ঘণ্টা সেবা দেওয়া দেশের প্রথম পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব। তাদের তথ্য অনুযায়ী, ৩০ অক্টোবর পর্যন্ত টানা ৫০৪ দিন এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি প্রতিষ্ঠানটি। আলাদা জরুরি বিভাগ, উন্নত আইসিইউ, স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও ক্রিটিক্যাল কেয়ার সুবিধা একসঙ্গে রয়েছে এমন পশুচিকিৎসা হাসপাতাল দেশে এটিই একমাত্র বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
১৫ হাজার বর্গফুট আয়তনের এ হাসপাতালে রয়েছেন ৩০ জন চিকিৎসক। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে চার হাজারের বেশি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৬৪টি প্রাণী এবং ৮০০টির বেশি অস্ত্রোপচার করা হয়েছে। দ্বিতীয় বছরে পদার্পণ করে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানো, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং দেশে পোষা প্রাণীর চিকিৎসার মানোন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে প্রিসাইজ পেটল্যাব।






















