চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি আদিত্য মল্লিক (২১) ও তাঁর বাবা উত্তম মল্লিক (৪৫)।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় এসআরবি-৭ ও ১৫-এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আদিত্য মল্লিক ও তাঁর বাবা উত্তম মল্লিক রামু থানা এলাকায় অবস্থান করছেন। পরে মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আদিত্য মল্লিক পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়ার উত্তম মল্লিকের ছেলে। তাঁর বাবা উত্তম মল্লিক একই এলাকার সুকুমার মল্লিকের ছেলে। এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোসলেহ উদ্দীন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






















