পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় তিন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানার মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে প্রায় ৯টি বেহুন্দী জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা তিন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল ও সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















