নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় এক জুনিয়র সহকর্মীর ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। বাসা থেকে বের হওয়ার সময় তিনি মাকে বলে গিয়েছিলেন, অল্প কিছুক্ষণ কথা বলেই আবার ফিরে আসবেন।
এরপর আর তার খোঁজ পায়নি পরিবার। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো মেসেজ পাঠান, ‘আম্মু, আমি আসছি। ’ পরদিন সন্ধ্যার আগে পরিবার জানতে পারে, রাজধানীর উত্তরার রাজাবাড়ি ঘাটে নদীতে তার মরদেহ পাওয়া গেছে। এসব তথ্য জানিয়েছেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, নিখোঁজ হওয়ার দিন প্রায় সারা দিন মায়ের সঙ্গে ছিলেন তাহসিফ।
মা-বাবার জন্য কেনাকাটাও করেছিলেন। সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়র বাসার নিচ থেকে ডাকলে মাকে বলে বাইরে যান তিনি। এরপর পরিবারের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। তাহসিফের বাবা বলেন, ছেলের মা অনেকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাননি। রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে একটি মেসেজ আসে। তাতে সে বাসায় ফিরছে বলে জানায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ছেলের নিখোঁজ হওয়ার পর বুধবার দুপুরের দিকে তুরাগ থানায় যান বলে জানান কে এম এনায়েতুল করিম হেলাল। তার ভাষ্য, পুলিশ তখন তাকে আশ্বস্ত করে জানায়, খারাপ কোনো খবর নেই। তবে ওই দিন বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর নদীতে মরদেহ পাওয়ার খবর দেন। তাহসিফের বাবা বলেন, রাজাবাড়ির ঘাটে মরদেহটি পাওয়া যায়।
সেখানে যেতে আটিপাড়া হয়ে যেতে হয়। ওই এলাকায় তার ছেলে কখনো গেছেন বলে তার জানা নেই। কারা বা কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি। বিমানবাহিনী থেকে তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে তার বাবা বলেন, শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা পরিবারকে জানানো হয়েছিল। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের ভিডিও শেয়ার করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল কি না, সে বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি।
তিনি বলেন, বিষয়টি তাহসিফের বিভাগই নিশ্চিত করতে পারবে। বিভাগ থেকে শুধু জানানো হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি হারানোর পর তাহসিফ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন বলেও জানান তার বাবা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজের পর সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করছিলেন তিনি।
তাহসিফের স্বভাব সম্পর্কে বাবা বলেন, ছেলে অত্যন্ত ভদ্র ও সামাজিক ছিল। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। ছেলের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি বা হুমকির বার্তা পরিবারকে জানাননি তাহসিফ। তবে একবার কিছুটা আশঙ্কার কথা বলেছিলেন বলে জানান তিনি। আনুমানিক দুদিন আগে নিখোঁজ হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি।
এক দিন পর রাজধানীর পার্শ্ববর্তী তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে উত্তরখান থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। নৌ-পুলিশ সূত্র জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে টঙ্গী নৌ -লিশ ফাঁড়ির কর্মকর্তারা পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
এ সময় তার পরনে সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি ও পকেটে আইফোন পাওয়া যায়। পরে তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তার নাম ফে. লে. (অব) তাহসিফ সৌরি। কে এম এনায়েতুর ঠিকানা- উওরা ১৮ নং সেক্টর, করবি, ১৪বি। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
যদিও এই তথ্যের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ গণমাধ্যমের হাতে নেই।





















