চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি খরচে (স্টেট ডিফেন্স) নিয়োগ পাওয়া আইনজীবী মো. আমির হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এ প্রতিক্রিয়া জানান। আমির হোসেন বলেন, ‘আপনারা (সাংবাদিক) সবাই উপস্থিত থেকে রায় শুনেছেন। রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। তবে এ রায়টা আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। আমি হতাশ। ’ কী কারণে হতাশ– ব্যাখ্যা জানতে চাইলে কিছু না বলেই তিনি জানান, কারণ ব্যাখ্যা করতে পারব না। এরপর তিনি চলে যান। এদিন দুপুর ১২টায় এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার চার আসামিই পলাতক রয়েছেন।





















