গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (২৬ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় মিছিল থেকে টহলরত পুলিশের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুই সদস্য আহত হন। এ ঘটনায় পরদিন রোববার বিকেলে আহত পুলিশ সদস্য মো. ফুল মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।





















