গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ডেনিমার্ক ফ্যাশন ওয়াশিং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তারা অংশ নেন। জানা যায়, টঙ্গীর হিমারদিঘী এলাকায় অবস্থিত একটি ওয়াশিং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
পরে সোমবার বিকেলে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ডেনিমার্ক ফ্যাশন ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি সামনে এলে কর্তৃপক্ষ সংযোগটি বিচ্ছিন্ন করে। একই সঙ্গে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি গ্যাস বিতরণ ব্যবস্থায় নানা ধরনের সমস্যা তৈরি হয়।
এ ধরনের অনিয়ম রোধে অবৈধ সংযোগ শনাক্তকরণ এবং বিচ্ছিন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযানে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।





















