বগুড়ার দুপচাঁচিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে থানা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। গত চার দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক মামলার পাঁচজন, ডাকাতি মালার পাঁচজন, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন। মাদক ব্যবসা, চুরি-ছিনতাই, সহিংসতা প্রতিরোধ এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে থানা পুলিশ।





















