ঝিনাইদহের কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরির লক্ষ্যে পৌর কবরস্থান এবং প্রধান বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর পৌর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মশিয়ার রহমান, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুসহ সংগঠনের নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা অভিযানে পৌর কবরস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। আয়োজকেরা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের অন্যতম শর্ত। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।





















