বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—যে ধর্মেরই অনুসারী হোন না কেন, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবেন। এ দেশে ‘সংখ্যাগরিষ্ঠ’ বা ‘সংখ্যালঘু’ পরিচয়ে কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার খোকন বলেন, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার।
সবাইকে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের তুলনায় এবার আরও বেশি উৎসাহ-উদ্দীপনা ও সবার অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু হানিফ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সদস্যসচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু ও আনিস আহমেদ হানিফ, পৌরসভা যুবদলের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, চাটখিল পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক দেবনাথ ও সাধারণ সম্পাদক রতন চক্রবর্তীসহ স্থানীয় নেতারা।
মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি সম্প্রতি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চলমান ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।





















