গার্মেন্টের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
গার্মেন্টের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক, আধিপত্য বিস্তার এবং সংঘাতের জগৎই ‘কাট-পিস’ সিনেমার মূল উপজীব্য। পরিচিত হলেও চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম উঠে আসা এই ব্যবসার বাস্তবতা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। ইফফাত জাহান মমর পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস।
এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’। তবে তখন মুক্তির নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটির পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, গার্মেন্টের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।
সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী নানজীবা তোরসা বলেন, গার্মেন্টশিল্পের সঙ্গে তার আগে থেকেই পরিচয় রয়েছে। তিনি দুই বছর বিজিএমইএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এ শিল্পে কাজও করেছেন। তবে গার্মেন্টের ঝুট ব্যবসার সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা তার ছিল না। তোরসা বলেন, এটা পুরো একটা রিয়েল ঘটনা, রিয়েল স্টোরি, রিয়েল ব্যক্তি, রিয়েল পলিটিক্স, রিয়েল ডায়নামিকস নিয়ে তৈরি একটা সিনেমা।
তাই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, হোয়াই নট? পূজার উৎসবকে সামনে রেখে মুক্তি পেতে যাওয়া ‘কাট-পিস’ মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহেও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণির দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতে চান নির্মাতারা।






















