আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে টেপবল বিপিএলের দ্বিতীয় আসর। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে বিপিএলের দ্বিতীয় আসরে শরীয়তপুর দুরন্ত ফাইটার্সের হয়ে খেলার ডাক পেয়েছেন লক্ষ্মীপুরের সোহাগ আদর।
সোহাগ আদর লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড়। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও খেলেছেন। পেশায় প্রবাসী হলেও সেখানেও নিয়মিত ক্রিকেট খেলেন সোহাগ আদর। ইতিমধ্যে সৌদি আরবেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজার আমিনুল রাজু বলেন, সোহাগ ক্রিকেটপাগল। জেলার ক্রিকেটে তার বেশ অবদান রয়েছে। তিনি আমাদের ক্লাবের নিয়মিত খেলোয়াড়। টেপবল ক্রিকেটেও তিনি দারুণ ব্যাটিং করেন। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সোহাগ টেপবল বিপিএলের দ্বিতীয় আসরে শরীয়তপুর দুরন্ত ফাইটার্সের হয়ে খেলার ডাক পাওয়ায় আমরা বেশ উচ্ছ্বসিত। আমরা তার সফলতা কামনা করছি। উল্লেখ্য, ২০২৪ সালে সোহাগ আদরের নেতৃত্বেই লক্ষ্মীপুর ক্লাব লিমিটেড শরীয়তপুর টি-টোয়েন্টি লিগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা হিসেবে লক্ষ্মীপুরের জন্য এটি এ যাবৎকালের অত্যন্ত গৌরবের অর্জন।






















