রাজধানীর বাড্ডায় একটি ভাড়া বাসা থেকে মেহেরিন আক্তার মীম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুসন্ধান শেষে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বাড্ডা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এরপর আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত মেহেরিন আক্তার মীম তাঁর স্বামীর সঙ্গে বাড্ডা থানার ডিআইটি প্রজেক্টের ১৫ নম্বর সেক্টরের একটি বাসার সাততলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পালবাড়ি ঘাট এলাকায়। নিহতের পিতার নাম মৃত আমিনুল ভুঁইয়া। ঘটনার বিষয়টি জানতে চাইলে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার আক্তার বলেন, প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, নিহত মীমের সঙ্গে তাঁর নিজের পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
ধারণা করা হচ্ছে, পারিবারিক মানসিক চাপ ও স্বামী-স্ত্রীর কলহের জেরে তিনি ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মাত্র তিন মাস আগে আব্দুল্লাহ আল রাব্বি নামের এক যুবকের সঙ্গে মীমের বিয়ে হয়েছিল। এস আই আরো বলেন, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















