গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
আজ বুধবার সকাল ১০টার দিকে ওই আগুনের সূত্রপাত। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। উদ্ধার তৎপরতায় যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিছুটা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ২১টি ইউনিট কাজ করছে। ভবনটির ৪র্থ তলায় আগুনের সূত্রপাত। কেমিক্যাল এবং অ্যালুমিনিয়াম জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ২য় তলা ও ৪র্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
মহাপরিচালক জানান, ফায়ার সার্ভিসের একজন আহত হয়েছেন। তাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল সকাল লেগে যেতে পারে।
ফায়ার সার্ভিস জানায়, ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন লাগার পর সকাল ১০টা ১৫ মিনিটে তারা খবর পান। খবর পাওয়ার পর ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। এছাড়া উদ্ধার তৎপরতায় বিজিবিও যোগ দিয়েছে।






















