নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিলের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচাবাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে নাটোর সদর মডেল থানা পুলিশ।
ল্যাপটপ উদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ক্রিল বলেন, অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল জানিয়ে তিনি বলেন, এখন ভাবছেন, সোমবার ল্যাপটপ নিয়ে তারপর বাংলাদেশ ছাড়বেন। এর আগে, বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি হারান ক্রিল। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগটি রেখে যান তিনি।
টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগটির কোনো খোঁজ পাননি। পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যার কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে ব্যাগটি নিয়ে যেতে দেখা যায়। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে, ল্যাপটপ চুরির ঘটনায় আলোচনার মধ্যে শনিবার (১০ অক্টোবর) নতুন একটি ম্যাকবুক উপহার পান ক্রিল। রাজধানীর ব্যবসায়ী মুক্তি মাহমুদ তাকে ম্যাকবুকটি উপহার দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদের। এরপর তিনি তরুণ এই পর্যটককে একটি ল্যাপটপ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ছাড়ার আগে ক্রিল যেন কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা থেকেই তিনি এ উদ্যোগ নেন।
তবে উপহার পাওয়া ম্যাকবুক দিয়ে নিজের প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে পারছিলেন না ক্রিল। তিনি জানান, মডেলের ভিন্নতার কারণে এতে থ্রিডি নকশার সফটওয়্যারগুলো চালাতে পারছেন না। ম্যাকবুক উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিল বলেন, বাংলাদেশের মানুষের সহমর্মিতা তাকে মুগ্ধ করেছে। তবে চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরায় সংরক্ষিত কাজ হারানোর বিষয়টি তার জন্য অত্যন্ত কষ্টের ছিল।























