কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের বাধায় পুশইন করা দুজন নারী ও দুজন পুরুষকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে বিএসএফ।
রোববার (১১ অক্টোবর) সকালে বিজিবির অধীনস্থ দৌলতপুরের ঠোটার পাড়া বিওপির সীমান্ত ১৫৩/৯ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানাগেছে, সকাল সাড়ে ৭ টার দিকে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ৪ জন (পুরুষ-২, মহিলা-২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে পুশইন করা ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে বিএসএফের তৎপরতা রুখতে বিজিবি তৎপর রয়েছে। বিজিবি আগের চেয়ে এখন প্রতিবাদের ভাষা আরও জোরালো করেছে।





















