কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আয় বৃদ্ধি ও জীবনযাত্রা টেকসই করার লক্ষ্যে চার শতাধিক পরিবারকে বিনামূল্যে ভেড়া প্রদানের বড় ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট টু ডেভেলপমেন্ট (এএসডি) প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার টাপুর গ্রামে ৩০টি ভেড়া বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে প্রথম ও দ্বিতীয় দফা মিলে ৬০ টি ভেড়া বিতরণ সম্পন্ন হয়েছে। এ বছরেই পর্যায়ক্রমে কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলায় মোট ৪২০টি ভেড়া বিতরণ করা হবে। চরাঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে ফ্রেন্ডশিপ। বিশেষজ্ঞরা জানান, চরাঞ্চলের আবহাওয়ায় ভেড়া লালন-পালন বেশ সহজ এবং ব্যয়ও তুলনামূলক কম।
তাছাড়া ভেড়া বছরে একাধিকবার বাচ্চা দেওয়ায় দ্রুত সময়ে প্রান্তিক পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। এর মাধ্যমে চরের জলবায়ু-সহনশীল ও টেকসই জীবিকা অর্জনের নতুন পথ সুগম হচ্ছে। বিতরণ কার্যক্রমের শতভাগ স্বচ্ছতা ও ভেড়ার স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে প্রতিটি ভেড়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে শুধু সুস্থ ও রোগমুক্ত ভেড়াগুলোই উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
ভেড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। টাপুর গ্রামের আবেরন বেগম বলেন, “আমার তেমন কোনো সম্পদ বা আয়ের উৎস ছিল না। ভেড়াগুলো পেয়ে আমার মনে নতুন আশা জেগেছে। ভালোমতো লালন-পালন করলে এগুলো থেকে বাচ্চা হবে এবং ভবিষ্যতে আমার সংসারের অভাব দূর হবে। ” একই গ্রামের মো. সুরুজ্জামান জানান, এই ভেড়া তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ও নতুন স্বপ্ন নিয়ে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম বলেন, “চরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারের জীবিকা উন্নয়নে ফ্রেন্ডশিপের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে উপকারভোগীদের উন্নত পদ্ধতিতে ভেড়া পালনের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চরে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আমাদের দপ্তর থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
” ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম জানান, ২০১৭ সাল থেকে তাদের এএসডি প্রকল্পটি চরাঞ্চলের মানুষের জীবিকা, কৃষি, প্রাণিসম্পদ উন্নয়ন ও জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করছে। ভেড়া বিতরণের এ পদক্ষেপ চরের পরিবারগুলোর আয়ে বৈচিত্র্য আনবে এবং তাদের স্বাবলম্বী করে তুলবে। ভেড়া বিতরণ অনুষ্ঠানে স্থানীয় পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য, ফ্রেন্ডশিপের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।





















