বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরে বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে থানচির ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায়, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বিজিবি জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।






















