প্রিজনভ্যান থেকে নামার সময় মাথায় পরানো হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) দুপুরে হাতকড়া পরানো অবস্থায় একটি প্রিজনভ্যানে করে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়।
পরে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে প্রবেশ করানোর প্রস্তুতির সময় প্রিজনভ্যানের দরজার কাছে দাঁড়িয়েই মাথা থেকে হেলমেট খুলে বাইরে ছুড়ে দেন তিনি। ‘আমি আওয়ামী লীগার না’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। এ সময় আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, সরকারের অবৈধ অর্ডার আমি মানি না। পুলিশ জানায়, বিমানবন্দরে এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে।
একই সঙ্গে তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে এ বিষয়ে শুনানি চলছে। এর আগে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তাকর্মীকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।
























