রাজধানী পল্টন থানার জাতীয় স্টেডিয়ামের ৩নং গেটের উত্তর পাশে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আশপাশের লোকজনকের মুখে জানতে পারি ওই যুবককে কেউ চেনে না, ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।





















