গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর আবু ইউনুস (১০) ও নিরব (৯) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদী থেকে প্রথমে আবু ইউনুস ও পরে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু টঙ্গীর বউবাজার এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করত। তারা স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর তুরাগ নদী রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায় আবু ইউনুস ও নিরব। মাছ ধরার একপর্যায়ে নিরব নদীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আবু ইউনুসও পানিতে ঝাঁপ দেয়।
পরে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বুধবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতের অন্ধকার, আলোর স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে রাত সাড়ে ৭টার দিকে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
পরে বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে ডুবুরি দলের সদস্যরা প্রথমে আবু ইউনুসের মরদেহের সন্ধান পান। কিছুক্ষণ পর একই এলাকা থেকে নিরবের মরদেহও উদ্ধার করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, শিশু দুটির নিখোঁজের খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
প্রথম দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হলেও আলোর স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত করতে হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে একজন ও পরে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে টঙ্গী নৌ-পুলিশ।






















