নাটোরের সিংড়ায় এক বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর গত পাঁচ দিন ধরে আলো মনি (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিশুটির নাম আরবী ইসলাম রুহি। মা-মেয়ের কোনো সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বায়েজিদ ইসলাম সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার বড় চৌগ্রাম এলাকার আব্দুর রহিম মাঝির ছেলে বায়েজিদের সঙ্গে আলো মনির বিয়ে হয়। গত ২৬ সেপ্টেম্বর ভোরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর অভিমান করে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান আলো মনি। পরবর্তীতে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ গৃহবধূর স্বামী বায়েজিদ ইসলাম জানান, ঘটনার আগের দিন তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছিল। পরদিন ভোরে স্ত্রী কাউকে কিছু না জানিয়ে রাগের বশে মেয়েকে নিয়ে ঘর ছাড়েন। তার সঙ্গে কোনো মোবাইল ফোনও নেই, যার কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম জানান, গৃহবধূ ও তার শিশুকন্যা নিখোঁজের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


















