পাহাড়ের বুক চিরে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলা আর সবুজ পাহাড়ের মিতালি—এই রূপকথার মতো দৃশ্য উপভোগ করতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ছুটে যান হাজারো পর্যটনপ্রেমী।
তবে সম্প্রতি সাজেকের সেই চেনা সৌন্দর্যে লেগেছে কৃত্রিমতার ছোঁয়া। লাগামহীন বাণিজ্যিকীকরণ এবং অতিরিক্ত খরচের কারণে অনেক পর্যটকই এখন সাজেক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রকৃতির স্নিগ্ধতার চেয়ে সেখানে এখন ব্যবসার দাপটই যেন বেশি স্পষ্ট। কয়েক বছর আগেও সাজেক ছিল শান্ত ও নিরিবিলি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার এক অদ্ভুত অনুভূতি মিলত সেখানে।
কিন্তু বর্তমানে সেখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে শত শত রিসোর্ট, কটেজ আর রেস্টুরেন্ট। স্থানীয় পাহাড় কেটে, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে গড়ে তোলা এই আধুনিক ভবনগুলো সাজেকের আদিম সৌন্দর্যকে গ্রাস করছে। ফলে পর্যটকরা যে প্রকৃতির খোঁজে এখানে আসেন, তা ঢাকা পড়ে যাচ্ছে ইট-কাঠ-পাথরের দেয়ালের পেছনে। সাজেক বিমুখ হওয়ার প্রধান কারণ হিসেবে পর্যটকরা দায়ী করছেন আকাশচুম্বী খরচকে।
সাধারণ মানের একটি রুমের ভাড়াও এখন পর্যটন মৌসুমে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। সাজেকের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম সাধারণ বাজারের তুলনায় অনেক বেশি। মানসম্মত খাবার না পেয়েও পর্যটকদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। সব রেস্টুরেন্টে একই খাবার। এ নিয়ে ভ্রমণপ্রেমীদের বিস্তার অভিযোগ। দীঘিনালা থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি (মাহিন্দ্রা বা জিপ) গুলোর ভাড়াও প্রায়শই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকে বলে অভিযোগ রয়েছে।
সেইসঙ্গে নানা অজুহাতে চুক্তির শর্তও মানছেন না তারা। সপরিবারে ঘুরতে আসা এক পর্যটক বলেন, ‘কয়েক বছর আগেও সাজেক এসে যে শান্তি পেয়েছিলাম, এবার তা পাইনি। সব কিছুতেই অতিরিক্ত বাণিজ্যিকীকরণ। মনে হচ্ছে প্রকৃতির চেয়ে টাকা খসানোর ব্যবস্থাপনাই এখানে বেশি। ’ পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় সাজেকে বরাবরই পানির তীব্র সংকট রয়েছে।
বর্তমানে পর্যটক এবং রিসোর্টের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় এই সমস্যা আরও প্রকট হয়েছে। চড়া দামে পানি কিনে রিসোর্টগুলো পরিচালনা করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে পর্যটকদের পকেটেই। এর পাশাপাশি রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার অভাব। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট আর যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা সাজেকের বাতাস ও মাটিকে দূষিত করছে। ব্যাবসায়িক প্রতিযোগিতার কারণে সেবার মান কমছে কিন্তু খরচ বাড়ছে জ্যামিতিক হারে।
ফলে অনেক ভ্রমণপিপাসু মানুষ এখন সাজেকের বিকল্প খুঁজছেন। তারা বান্দরবান, রাঙামাটির অন্যান্য অঞ্চল কিংবা ভারতের মেঘালয়ের মতো জায়গাগুলোকে বেছে নিচ্ছেন। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এই অতি-বাণিজ্যিকীকরণ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে সাজেক তার চিরচেনা গৌরব ও পর্যটক দুটোই হারাবে। সাজেককে বাঁচাতে হলে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন পরিবেশবাদী ও পর্যটন বিশেষজ্ঞরা।
রিসোর্ট নির্মাণের সুনির্দিষ্ট নীতিমালা, খাবারের দাম নির্ধারণ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতিকে টিকিয়ে রেখে একটি টেকসই ও পরিবেশ-বান্ধব পর্যটন ব্যবস্থা (ঊপড়-ঞড়ঁৎরংস) গড়ে তোলাই এখন সময়ের বড় দাবি। অন্যথায়, মেঘের দেশ সাজেক কেবলই একটি কৃত্রিম বাণিজ্যিক শহরে পরিণত হবে।





















