মৌলভীবাজারের জুড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন ফুলতলা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় জুড়ী উপজেলার ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী এলাকায় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে পড়ে থাকা ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
















