পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতার উপস্থিতি ছিল কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। পাশাপাশি ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা নিম্নমুখী। তবে অন্যান্য পণ্যের দাম কমলেও মসলার বাজারে দাম বেড়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। বাঁধাকপি , ফুলকপি ও মুলা মিলছে ৪০ থেকে ৬০ টাকায়। বাজারভেদে কাঁচামরিচের দাম ৭০ থেকে ১২০ টাকা। আর শসার দাম ৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। এছাড়া, বরবটি , চিচিঙ্গা , ধুন্দলের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি।
সবজির দাম সহনীয় হলেও মসলার বাজারে বেড়েছে ঝাঁজ। আদা ও রসুনের দাম মানভেদে ১৯০ থেকে ২৩০ টাকা। জিরা বিক্রি হচ্ছে সাড় পাঁচশ টাকায়। আর পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকা।
প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ টাকা।
বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশিল রাখতে সরকারের নিয়মিত নজরদারি জরুরি, বলছেন ক্রেতারা।
























