শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিল। এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করল, তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আবু হানিফ তাঁর পোস্টে বলেন, এনসিপি গঠনের পর থেকেই মানুষের একটা ধারণা ছিল যে এটা জামায়াত নিয়ন্ত্রিত একটি সংগঠন। নির্বাচনের সময় মানুষের ধারণা বাস্তবে প্রমাণ হয়। জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন এনসিপির নীতিনির্ধারণী ফোরামের দুই সদস্য সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা। এই দুই নারীর জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা ছিল। শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তাঁরা সামনে ছিলেন। শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিল। এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করল, তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে। কেননা, এখন আর জামায়াতের বিরোধিতা করার মতো এনসিপির নীতিনির্ধারণী ফোরামে কেউ নেই। ফলে এখন থেকে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে এনসিপি আগের চেয়ে আরও বেশি ভূমিকা পালন করতে পারবে।





















