নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। হিমবাহ ধসের পর প্রবল স্রোতে ভেসে আসা কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়েছে বিস্তীর্ণ এলাকা। উদ্ধার অভিযান যত এগোচ্ছে, ততই মিলছে মরদেহ।
শুক্রবার (২৮ আগস্ট) সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৮৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ছিল ৩৫৯। ফলে অল্প সময়ের ব্যবধানেই মৃতের সংখ্যা আরও বেড়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



















