লাহোরে গতকাল রোববার ইতিহাস লিখেছে পাকিস্তান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। পাকিস্তানের হার তখন সময়ের ব্যাপার বলেই মনে হয়েছিল।
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানে অপরাজিত ছিলেন শাদাব। অন্যপ্রান্তে রউফ ৭ রানের ‘গুরুত্বপূর্ণ’ ইনিংস খেলেছেন।
পাকিস্তানের এই অবিশ্বাস্য জয়ে বেশ কিছু রেকর্ড নতুন করে লেখা হয়েছে। নিচে উল্লেখযোগ্য কিছু রেকর্ড উল্লেখ করা হলো-
ওয়ানডেতে রান তাড়ায় দশম উইকেট জুটির বিশ্বরেকর্ড
শাদাব খান ও হারিস রউফ মিলে গতকাল দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ওয়ানডেতে সফল রান তাড়ায় দশম উইকেট জুটির সর্বোচ্চ রানের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ৬৪ রানের। ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস জুটি ৬৪ রান তুলেছিলেন। গতকাল সেটি ছাড়িয়ে গেছেন শাদাব-রউফ জুটি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি
লিস্ট ‘এ’ ক্রিকেট বিবেচনায় নিলে, সফল রান তাড়ায় দশম উইকেটে ৮৯ রানের এই জুটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০০৬ সালে সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নর্থ ওয়েস্টের থ্যান্ডো বুলা ও ফ্রিডেল ডি ওয়েটের অপরাজিত ১০২ রানের জুটি এ তালিকায় সবার ওপরে।
৮ নম্বরে বা তার নিচে ব্যাটিংয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান
গতকাল শাদাব খান ব্যাটিংয়ে নামেন ৮ নম্বরে। এরপর ৯৬ বলে ১৩ চার ও ৫ ছক্কায় ১১৩* রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে ম্যাচ জেতান। ওয়ানডেতে ৮ নম্বরে বা এর নিচে ব্যাটিংয়ে নেমে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
পাকিস্তানের মোট রানের প্রায় অর্ধেক রানই শাদাবের
পাকিস্তানের ২৪৩ রানের মধ্যে শাদাব একাই করেছেন অপরাজিত ১১৩ রান। দলের মোট রানের ৪৬.৫ শতাংশ এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়ানডেতে আট বা তার নিচে ব্যাটিং করা কোনো ব্যাটসম্যানের ১০০ বা তার বেশি রানের ইনিংসে দলের মোট রানে অবদানের হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
এ তালিকায় সর্বোচ্চ চামিকা করুনারত্নে। ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ১৬০ রানে অলআউট হওয়ার ম্যাচে ৭৫ রান করেছিলেন চামিকা করুনারত্নে। দলের মোট রানে তাঁর অবদান ছিল ৪৬.৮৮ শতাংশ।
শাদাব যখন উইকেটে যান, পাকিস্তান তখন ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। শাদাব ক্রিজে থাকাকালে দলের করা ১৪০ রানের মধ্যে ১১৩ রান করেন। অর্থাৎ, সেই সময় দলের মোট রানের ৮০.৭১ শতাংশই আসে তাঁর ব্যাট থেকে।
শেষ উইকেটে হারিস রউফের সঙ্গে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শাদাব। এই জুটিতে তাঁর অবদান ৯১.০১ শতাংশ। রউফ ১৯ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। মজার বিষয়, এই জুটির প্রথম ৬৯ রানের মধ্যে ৬৮ রানই করেন শাদাব।
অষ্টম উইকেট হারানোর পর পাকিস্তানের ১১২ রান
অষ্টম উইকেট হারানোর পর পাকিস্তান যোগ করেছে ১১২ রান। এর মধ্যে শাদাব একাই করেছেন ১০০ রান। ওয়ানডেতে সফল রান তাড়ায় শেষ দুই উইকেট জুটিতে এর চেয়ে বেশি রান যোগ করার নজির আছে মাত্র একবার। ২০১০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা যোগ করেছিল ১৩৬ রান।
পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দশম উইকেট জুটি
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দশম উইকেটে সর্বোচ্চ জুটি ১০৩ রানের। ২০০৯ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান যোগ করেছিলেন মোহাম্মদ আমির ও সাঈদ আজমল। শাদাব ও হারিসের ৮৯ রানের জুটি পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
দুই দলের দশম উইকেট জুটিতে ১২৯ রান—নতুন রেকর্ড
গতকালের ম্যাচে ইংল্যান্ডের দশম উইকেট জুটিতে এসেছিল ৪০ রান। পরে পাকিস্তানের শাদাব ও হারিস যোগ করেন অপরাজিত ৮৯ রান। দুই দলের দশম উইকেট জুটিতে মোট ১২৯ রান ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ১০৩ রান, ২০০৯ সালে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে।
১ উইকেটের জয়ে পাকিস্তানের নতুন মাইলফলক
ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটের জয়টি ওয়ানডেতে এই ব্যবধানে পাকিস্তানের প্রথম জয়। সব মিলিয়ে এক উইকেটে এটি তাদের নবম জয়। অন্যদিকে ইংল্যান্ড ওয়ানডেতে এভাবে ছয়বার হেরেছে।
টানা দুই ম্যাচে অল্প ব্যবধানে হার ইংল্যান্ডের
টানা দুই ম্যাচে ভাগ্য পাশে থাকল না ইংল্যান্ডের। আগের ম্যাচে ৪২৯ রান করেও শ্রীলঙ্কার কাছে হেরেছিল ইংলিশরা। এবার পাকিস্তানের কাছে জয়ের কাছে গিয়েও হেরে বসল শাদাবের অবিশ্বাস্য কীর্তিতে। আগের ম্যাচে ২ উইকেটে হারের পর এবার ১ উইকেটে হার। ছেলেদের ওয়ানডেতে এর আগে মোটে দুবার টানা দুই ম্যাচে ২ বার এর কম ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড।
শাহিন আফ্রিদির ১৫০ ওয়ানডে উইকেট
গতকালের ম্যাচে ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাতে ওয়ানডেতে পাকিস্তানি পেসারের উইকেট এখন ১৫৩টি। ওয়ানডেতে ১৫০ উইকেট নিতে শাহিনের লেগেছে ৩৯৬৬ বল। বলের হিসাবে যা দ্বিতীয় দ্রুততম। এ তালিকায় সবার ওপরে মিচেল স্টার্ক (৩৮৫৭ বল)। নিজের খেলা ৮০তম ওয়ানডে ম্যাচে এ কীর্তি গড়েছেন শাদাব, যা পাকিস্তানি বোলারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
পাকিস্তানের মাটিতে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি করা প্রথম ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট। তিনি দুটি সেঞ্চুরিই করেছেন লাহোরে, আর দুটি ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। ওয়ানডেতে সব মিলিয়ে ৫টি সেঞ্চুরি করেছেন ডাকেট, এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে মোটে ১টিতে।






















