নদীগর্ভে বসতভিটা বিলীন হওয়ার আশঙ্কায় দীর্ঘদিনের সঞ্চয়ের টাকা দিয়ে অন্যত্র জমি কিনে বসবাস শুরু করেছিলেন এক জেলে পরিবার। কিন্তু প্রায় ২১ বছর ধরে বসবাস করা সেই জমি নিয়েই এবার দখলচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। ঘটনাটি পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের। ভুক্তভোগী হিরন বেগম (৫৫) জানান, তাঁর স্বামী আশরাফ আলী সরদার (৬২) পেশায় একজন জেলে। বাড়ি চন্ডিপুর গ্রামের নদীতীরবর্তী এলাকায়। নদীভাঙনের কারণে বসতভিটা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে ২০০৫ সালসহ বিভিন্ন সময়ে পরিবারের সঞ্চিত অর্থ দিয়ে বাবার বাড়ির পাশেই প্রায় ২৯ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে পরিবারটি সেখানে বসবাস করে আসছে। তাঁদের দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। পরিবারটির অভিযোগ, সম্প্রতি পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক বয়াতী (৬০) ও মোতালেব শেখ (৫৮) ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে আদালতে দুটি মামলাও দায়ের করেন। ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে বিরোধের পর থানায় জিডি করা হয়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি। পরে গত ২৮ জুলাই রাতে সিদ্দিক বয়াতী ও মোতালেব শেখসহ ১০-১৫ জন লোক জমির বেড়া ভেঙে সেখানে দোকানঘর স্থাপন করেন। এতে বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ নিয়ে ভুক্তভোগী হিরন বেগমের ভাই পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ মির বাদী হয়ে অভিযুক্ত দুজনসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিদ্দিক ও মোতালেব বলেন, বেড়া ভাঙ্গিনি মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। কিন্তু আমরা জমি পাবো এজন্য সেখানে দোকান নির্মাণ করেছি। স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বয়াতী বলেন, বিভিন্ন সময়ে একই অংশীদার থেকে ২-৩ পক্ষ জমি কিনেছে। সিদ্দিকও জমি দাবি করছে, এটা অনিয়ম হয়েছে, এ জমিটি হিরন বেগমের। তবে এটা সমাধান হওয়া উচিত। বালিপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল বলেন, ইতিমধ্যে স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়েছে। দুই পক্ষকে পরিষদে ডেকে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
4:18 am, Monday, 3 August 2026
শিরোনাম :
নদীভাঙনের শঙ্কায় সঞ্চয়ের টাকায় কেনা জমি দখলের অভিযোগ, বিপাকে জেলে পরিবার
-
MIT ERP
- Update Time : 03:02:55 am, Monday, 3 August 2026
- 4
Tag :
Popular Post












