ন্যায়বিচার প্রতিষ্ঠাই রাষ্ট্রের প্রকৃত সাফল্য। একজন সাধারণ নাগরিক যদি আদালতের মাধ্যমে তার ন্যায্য অধিকার ফিরে পান, তবে রাষ্ট্র মামলায় পরাজিত হলেও একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক নাগরিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। রাষ্ট্র বা ব্যক্তি—কে জয়ী হলো, সেটি মুখ্য নয়; বরং বিচারপ্রার্থী মানুষ ন্যায়বিচার পেলেন কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিচারব্যবস্থা যখন নিরপেক্ষভাবে একজন নাগরিকের অধিকার নিশ্চিত করে, তখন রাষ্ট্রের প্রতিনিধিরও সেখানে কোনো অসটোয় থাকার কারণ থাকে না। বরং এমন বিচারই জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। তিনি বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা সমানভাবে নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম (সিরাজ মিয়া), কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল এবং সাবেক ভিপি ও জেলা বিএনপির শিল্পীবিষয়ক সম্পাদক আব্দুর সবুর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশ, মানবাধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, বিচারব্যবস্থা, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। নাগরিক সভা শেষে বিকেলে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্রয়াত চেয়ারম্যান একেএম সিরাজুল হক (সিরু মিয়া) ও প্রয়াত কামরুন্নাহার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন কোটচাঁদপুরের নাগরিক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
5:25 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
ন্যায়বিচার প্রতিষ্ঠাই রাষ্ট্রের প্রকৃত সাফল্য: অ্যাটর্নি জেনারেল
-
MIT ERP
- Update Time : 02:22:48 am, Saturday, 1 August 2026
- 7
Tag :
Popular Post


















