কোনোভাবেই কমছে না হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা। আর ডেঙ্গুর ভরা মৌসুম হওয়ায় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। শুধু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে গেছে চার শিশুর প্রাণ। তাই সচেতনতা বাড়াতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার ডেঙ্গু ও হামবিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা আলাদা প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ৪৬৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় আক্রান্ত রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে তিনজন রয়েছে। চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ১৩ হাজার ৯৩১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ১ হাজার ১৬৯ জন চিকিৎসাধীন আছে। একই দিন হামবিষয়ক অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭০ এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী ১৩৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগী ১৫ হাজার ৮৭৪ জন। গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৩৯ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।
4:11 am, Friday, 31 July 2026
শিরোনাম :











