সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকিসহ প্রায় ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট, জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপির পৃথক টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি টহল দল। সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এয়ারগান ও ওয়াকিটকির সিজার মূল্য ১১ হাজার টাকা।
এদিকে একই দিন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ৮৫ পিস, জিরা ৬০০ কেজি, মহিষ ৩টি, গরু ১টি, বিভিন্ন প্রকার শ্যাম্পু ২৮৮ পিস, পন্ড ফেসওয়াশ ৪০০ পিস এবং চা-পাতা ৭০ কেজি। বিজিবির তথ্য অনুযায়ী, এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৭২ হাজার টাকা।
এ ছাড়া এয়ারগান ও ওয়াকিটকির মূল্যসহ উভয় অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। বিজিবি আরও জানায়, উদ্ধার করা এয়ারগানটি কানাইঘাট থানা-পুলিশের হেফাজতে দেওয়ার কার্যক্রম চলছে।
অন্যান্য জব্দ করা মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















