মাধবপুরে চলতি মৌসুমে শিমের বাম্পার ফলনে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় মাঠজুড়ে এখন সবুজ শিমগাছ, সাদা ফুল আর ঝুলন্ত শিমের সমারোহ। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি।
স্থানীয় বাজারে শিমের ভালো চাহিদা ও লাভজনক হওয়ায় প্রতি বছরই সবজিটি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। জগদীশপুর গ্রামের শিমচাষি সাইফুল ইসলাম জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে এ দাম বজায় থাকলে এবং আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে শিম চাষে এবার ভালো লভ্যাংশ ঘরে তোলা সম্ভব হবে। কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শিমের আবাদ হওয়া কৃষি খাতের জন্য অত্যন্ত ইতিবাচক। সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ইউএনও মেহেদী হাসান জানান, এ উপজেলায় উৎপাদিত সবজির বাজারদর যেন কৃষকের অনুকূলে থাকে এবং তারা যাতে হাড়ভাঙা খাটুনির প্রকৃত মূল্য পান, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।











