গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সাইদী সোহাগ। এ সময় তিনি ১৫টি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা উদযাপনে আর্থিক অনুদান প্রদান করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে তিনি কালীরবাজার কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপে যান। সেখানে মন্দিরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। এ সময় কামরুজ্জামান সাইদী সোহাগ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য নিয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা।
দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সবার পাশে থাকতে চাই। সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা খলিলুর রহমান ও হাসান মিয়া, যুবদল নেতা রাসেল মিয়া এবং উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল, ছাত্রনেতা তৈয়ব আলীসহ অনেকে।






















