কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হেলাল উদ্দিন (পিপিএম)। রোববার (১৮ অক্টোবর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পাকুন্দিয়া থানার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাকুন্দিয়া থানার ওসি হিসেবে যোগদান করেন। পুলিশ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এর আগে টাঙ্গাইল জেলার সখীপুর থানা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম) লাভ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মো. হেলাল উদ্দিন বলেন, আমার প্রধান লক্ষ্য পাকুন্দিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখা। পাশাপাশি চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব। তিনি আরও বলেন, পাকুন্দিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এ ক্ষেত্রে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মাদক ও অপরাধমুক্ত পাকুন্দিয়া গড়তে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।





















