চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থাগুলো। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকার বাসিন্দা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের কাস্টমস হলে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যদের। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে যাত্রীর ব্যাগে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বারগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া তার কাছে থাকা ১০০ গ্রাম ওজনের এক জোড়া স্বর্ণের চুড়িও উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম। বিমানবন্দর সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত থাকার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাশাপাশি তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।






















