অপরাধীদের জন্য সুস্পষ্ট একটি মেসেজ, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে। রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের দায়িত্বপূর্ণ এলাকা খুলনা বিভাগের ৮ টি জেলার প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি ধাপে ঝুকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
’ তিনি আরও বলেন, ‘সীমান্তবর্তী ঝিনাইদহ জেলায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। আমরা যদি সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদকের চালান বন্ধ করতে পারি, গডফাদারদের রুখে দিতে পারি তাহলে শুধু পূজার সময় নয় সারা বছরই আমরা মাদকমুক্ত দেশ উপহার দিতে পারব। ‘ চলমান শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে তিনি ঝিনাইদহে পৌঁছান।
পরিদর্শনকালে তিনি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেসময় সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও পূজা মন্দিরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















