যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সক্রিয় হয়ে উঠেছে একটি চোর সিন্ডিকেট। তারা রোগী সেজে বহির্বিভাগ ও বিভিন্ন বিভাগের লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে রোগীদের ব্যাগ থেকে টাকা চুরি করছে। চক্রটির প্রধান টার্গেট নারী রোগী ও তাদের স্বজনরা। গত জুলাই মাসে হাসপাতালটিতে অন্তত ৩০ জন রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় রোগীদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩১ জুলাই দুপুরে চৌগাছা উপজেলার মতলেবের স্ত্রী হালিমা খাতুন তার মেয়েকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রোগী নিয়ে ব্যস্ত থাকার সুযোগে রফিকুল হাওলাদার নামে এক ব্যক্তি তার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অন্য রোগীর স্বজনরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক রফিকুল খুলনার সোনাডাঙ্গা থানার দারোগারভিটা এলাকার শহিদুল হাওলাদারের ছেলে। এর আগে ২৩ জুলাই হাসপাতালের বহির্বিভাগের ১৩ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা সদর উপজেলার শেখহাটির কলাবাগান এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা খাতুনের ব্যাগ থেকে ৯০০ টাকা চুরি হয়। টাকা হারানোর পর তিনি ওষুধ না কিনেই বাড়ি ফিরে যান। ২১ জুলাই সদর উপজেলার মালিয়াট গ্রামের আব্দুস সালামের মেয়ে পারভীনা খাতুন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। টিকিট কেটে ১৩ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ব্যাগে থাকা ৫ হাজার টাকা চুরি হয়ে যায়। অভিযোগ রয়েছে, রোগী সেজে লাইনে দাঁড়িয়ে থাকা এক চোর কৌশলে তার টাকা নিয়ে পালিয়ে যায়। ১২ জুলাই চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী নাসিমা বেগম তার নাতনিকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। পরে প্যাথলজি বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ব্যাগ থেকে ৬ হাজার ৫০০ টাকা চুরি হয়। একই দিনে গাইনি বহির্বিভাগে বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গুচ্ছগ্রামের এরশাদ আলীর স্ত্রী মিনি বেগমের ব্যাগ থেকে ৩ হাজার ২০০ টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া যায়। ১১ জুলাই মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের রাবেয়া বেগম ডাক্তার দেখানোর পর এক্স-রে করাতে গেলে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ব্যাগ থেকে ৭ হাজার টাকা খোয়া যায়। এ ছাড়া ২ জুলাই সদর উপজেলার কাশিমপুর গ্রামের আসমত আলীর স্ত্রী আমেনা খাতুন বহির্বিভাগের ৪ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রোগী সেজে থাকা চোরচক্রের সদস্যরা তার ব্যাগ থেকে ৩ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জুন ও জুলাই মাসে চিকিৎসা নিতে আসা অন্তত ৩০ জন রোগী টাকা চুরির শিকার হয়েছেন। চক্রের সদস্যরা রোগী বা রোগীর স্বজন সেজে লাইনে দাঁড়িয়ে কৌশলে ব্যাগ থেকে টাকা সরিয়ে দ্রুত সটকে পড়ছে। এতে চিকিৎসার জন্য সঙ্গে আনা অর্থ হারিয়ে বিপাকে পড়ছেন রোগীরা। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে বহির্বিভাগে রোগীদের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি জোরদার করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, চোরেরা রোগী সেজে বহির্বিভাগের লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে রোগীদের ব্যাগ থেকে টাকা চুরি করছে। তাদের তৎপরতা বন্ধে পুলিশকে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি চোর ও দালাল চক্র সম্পর্কে রোগীদের সতর্ক করতে প্রতিদিন মাইকিং করা হচ্ছে।
7:57 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
যশোর জেনারেল হাসপাতালে রোগী সেজে চুরি, টার্গেটে নারীরা
-
MIT ERP
- Update Time : 05:41:01 pm, Sunday, 2 August 2026
- 6
Tag :
Popular Post

























