জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকেই চুরি হয়ে যাচ্ছে ভ্যান, অটো ও শখের মোটরসাইকেল। এমনই অভিযোগ উঠছে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে। নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন থাকলেও নেই যানবাহনের কোনো নিরাপত্তা। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে যানবাহন চুরির ঘটনা। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে ভ্যান, অটো কিংবা মোটরসাইকেল রেখে ভেতরে গেলেই ফিরে এসে দেখছেন, নেই তাদের যানবাহন। এ যেন হাসপাতাল নয়, চোরদের অভয়ারণ্য। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল প্রাঙ্গণে ঘটছে একের পর এক যানবাহন চুরির ঘটনা। কিন্তু হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো নজরদারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন রোগী ও সাধারণ মানুষ। হাসপাতালে এলেই চুরির আতঙ্কে থাকতে হচ্ছে সবাইকে। ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন, আমার নাতির পা কেটে গেলে কালাই হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভ্যান রেখে আমার নাতিকে চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যাই। দুপুর ২টা ২০ এ আমি আসি। পড়ে ২.২৫ এ এসে দেখি ভ্যান নাই। এটা আমার একমাত্র সম্বল ছিল। এখন আমি কীভাবে সংসার চালাব? এই দায় কে নিবে, আমি বিচার চাই। স্থানীয়দের দাবি, দেশের অন্যান্য হাসপাতালের মতো কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১০ জন আনসার সদস্য। তবে তাদের উপস্থিতিতেও চুরি বন্ধ না হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ভুক্তভোগীর স্বজন জাহেরুল ইসলাম বলেন, আমরা যে হাসপাতালে রোগী দেখতে আসি, রোগী দেখতে এসে যদি আমাদের শখের মোটরসাইকেল, অটো কিংবা ভ্যান হারিয়ে যায় তাহলে এর দায় কে নিবে। হাসপাতাল প্রাঙ্গণে ভ্যান নিয়ে আসা এক ভ্যানচালক বলেন, জরুরি বিভাগের সামনে ভ্যান রেখে ভেতরে রোগী দিতে যাই, ফিরে এসে ভ্যান পাই না। হাসপাতালে এত চুরি হয় তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না। সিসি ক্যামেরা আছে কিন্তু দেখা যায় না। সবশেষ গত ২৫ জুলাই আনসার সদস্যদের নাকের ডগার ওপর দিয়েই দুপুর ২টা ২২ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই চুরি হয়ে যায় আরও একটি ভ্যানগাড়ী । এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বেড়েছে। ভ্যান চুরির ঘটনায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত আনসার সদস্যদের বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শরীফ হোসেনের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অ-স্বীকৃতি জানান। এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাহিদ নাজনীন ডেইজি বলেন, গত কিছুদিন আগে আমাদের হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরি হয়ে যায়। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পুরো হাসপাতাল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। তবে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে। এ ছাড়া গ্যারেজের একটি সমস্যা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কালাই হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরি হয়েছে। ওই ভ্যান চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তদন্তপূর্বক আমরা বিস্তারিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতিপূর্বে এই থানা এলাকায় দুই তিনটি ভ্যান চুরির সংবাদ থানায় এসেছে। আমরা দুটি ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়েছি। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে যানবাহন চুরির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, গত ২৫ তারিখে আমাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যান চুরি হওয়ার একটি ঘটনা আমরা শুনেছি। সেখানে আমরা জানতে পারলাম যে, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরার সংকট আছে এবং তাদের পক্ষ থেকে একটা গ্যারেজ নির্মাণের কথা বলেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
5:44 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
কালাই হাসপাতাল এখন যানবাহন চুরির হটস্পট
-
MIT ERP
- Update Time : 03:35:44 pm, Sunday, 2 August 2026
- 8
Tag :
Popular Post

























