প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে। তবে এ সিদ্ধান্ত কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে নয়। রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এ সম্পর্ক শুধু হজ, ওমরাহ বা তীর্থযাত্রার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক একটি কৌশলগত অংশীদারত্বে রূপ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি বলেন, সৌদি আরব ইসলাম ধর্মের দুটি পবিত্র মসজিদ— মক্কা ও মদিনার রক্ষক। এ কারণে বাংলাদেশের সঙ্গে দেশটির একটি বিশেষ আত্মিক ও নৈতিক সম্পর্ক রয়েছে। হুমায়ুন কবির আরও বলেন, ‘যেকোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি সহযোগিতা চায়, তাহলে এই দৃঢ় আত্মিক সম্পর্ক এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময় সৌদি আরবকে সহায়তা করতে সাড়া দেবে।’ তিনি বলেন, ‘এটি মূলত হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নেওয়া একটি পদক্ষেপ। অন্যদিকে আমরা ইরানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছি। তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা তাদের প্রতি আঘাত হিসেবে দেখার কারণ নেই।’
শিরোনাম :
সৌদি জোটে বাংলাদেশের যোগদানের কারণ জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
- Update Time : 05:36:35 pm, Sunday, 2 August 2026
- 42
Tag :
Popular Post























