গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিবদীঘী জুলাই চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার। এছাড়া বক্তব্য দেন উপজেলা আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিশ আহমেদ। বক্তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিলম্ব হলে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন। তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই আন্দোলন জনগণের অধিকার আদায়ের ধারাবাহিক সংগ্রামের অংশ। তাই গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশে নেতারা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
12:23 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
রাণীশংকৈলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল
-
MIT ERP
- Update Time : 09:40:53 pm, Saturday, 1 August 2026
- 8
Tag :
Popular Post
























