শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একসময় দেশ থেকে ‘ব্রেইন ড্রেন’ হতো, অর্থাৎ মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে আর দেশে ফিরতেন না। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রয়োজন ‘রিভার্স ব্রেইন ড্রেন’। বিদেশে অবস্থানরত মেধাবীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশকে মেধা-সম্পদের ভাণ্ডারে পরিণত করতে হবে। শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মেধার কোনো ভিসা লাগে না। মেধাবীরা পৃথিবীর সর্বত্র যেতে পারে। তবে আমাদের লক্ষ্য হবে দেশের মেধাবীদের দেশ গঠনে সম্পৃক্ত করা। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করতে এবং শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনতে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জানান, গত অর্থবছরে শিক্ষা বাজেট ছিল ৮৭ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরে বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ভবিষ্যতে এ খাতের বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং তা জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও উন্নয়নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় এটিকে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে ইসলামিক স্টাডিজের পাশাপাশি সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও মেডিকেল সায়েন্সসহ বিভিন্ন বিভাগ রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও ভবিষ্যতে মেডিকেল সায়েন্সসহ নতুন নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাজীবনের সময়টুকু অত্যন্ত মূল্যবান। এই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ভালোভাবে লেখাপড়া করে দেশ গঠনের শপথ নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে উঠুক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হোক। আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।
12:23 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
ইবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর
-
MIT ERP
- Update Time : 09:38:00 pm, Saturday, 1 August 2026
- 4
Tag :
Popular Post

























