জুলাই গণ-অভ্যুত্থানে অন্যায়ভাবে কারাবন্দী হওয়া ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে আবু হানিফ বলেন, ৩৬ দিনের জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিরোধের ধারাবাহিক পরিণতি। তাই এ আন্দোলনের ইতিহাস রচনায় শুধু শহীদ ও আহতদের নয়, অন্যায়ভাবে কারাবরণকারী হাজারো মানুষের অবদানও সমান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর দাবি, প্রকৃত সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি। আন্দোলন দমনে নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, রিমান্ড, কারাবাস ও নানামুখী হয়রানির আশ্রয় নেওয়া হয়েছিল। তবে কারাগারের লোহার শিকলও মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে থামিয়ে রাখতে পারেনি; বরং আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। আবু হানিফ বলেন, কারাবরণকারীদের মধ্যে শিক্ষার্থী, তরুণ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী এবং সাধারণ নাগরিকও ছিলেন। তাঁদের একমাত্র ‘অপরাধ’ ছিল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখা। কারাগারে কাটানো প্রতিটি দিন ছিল তাঁদের জন্য কঠিন পরীক্ষা। একই সঙ্গে তাঁদের পরিবারকে অনিশ্চয়তা, আর্থিক সংকট, সামাজিক চাপ ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে তাঁদের আত্মত্যাগকে ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া যায় না। তিনি আরও বলেন, রাষ্ট্র ইতোমধ্যে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে একই আন্দোলনে অন্যায়ভাবে কারাবরণকারী হাজারো মানুষের অবদানও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি রাখে। তাঁদের অবদানকে উপেক্ষা করা হলে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কারাবন্দীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি উঠেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ইতিহাসের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আন্দোলনের প্রতিটি ত্যাগকে সমান মর্যাদা দিতে হবে। এমন একটি রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি, যেখানে শহীদের রক্ত, আহতদের যন্ত্রণা এবং কারাবন্দীদের আত্মত্যাগ সমানভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবু হানিফ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অন্যায়ভাবে কারাবন্দী হওয়া ব্যক্তিদের যথাযথ যাচাই-বাছাই করে তাঁদেরও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, এ স্বীকৃতি শুধু কারাবন্দীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে না, বরং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে আরও পূর্ণাঙ্গ, ন্যায়সঙ্গত ও মর্যাদাপূর্ণভাবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে সহায়ক হবে।
8:47 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
অভুত্থানে কারাবন্দীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, আবু হানিফের
-
MIT ERP
- Update Time : 06:31:06 pm, Saturday, 1 August 2026
- 10
Tag :
Popular Post





















