২০২৭ সালে সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকছে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে বাড়তি ছুটি পাওয়ার সুযোগ কমেছে সরকারি চাকরিজীবীদের।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে।
এর মধ্যে চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে—দুটি শুক্রবার ও দুটি শনিবার। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে—একটি শুক্রবার ও দুটি শনিবার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিনের সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিনের সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছিল।
মন্ত্রিসভা সেই তালিকা অনুমোদন করেছে। সব মিলিয়ে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় শুক্র ও শনিবার বাদ দিলে কার্যকর ছুটি থাকছে ২২ দিন।






















