চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫১ দশমিক ৬২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
গত বছর সার্বিক পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডভিত্তিক ফলাফলের এ তথ্য জানানো হয়। প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
এবারের পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তবে তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। যেভাবে জানা যাবে পরীক্ষার ফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে যেতে হবে।
এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিলে ফলাফল ডাউনলোড করা যাবে। অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে। মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানার সুযোগ রয়েছে।
এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্দিষ্ট ফরম্যাটে বার্তা পাঠাতে হবে। এসএমএসের নিয়ম হলো, প্রথমে ‘HSC’ লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। সবশেষে বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাঁকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এদিকে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে পরীক্ষার ফলাফল সংগ্রহের কোনো ব্যবস্থা নেই। ফল জানতে নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে।
১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় তথ্য এবং এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।






















