নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এগুল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড থ্রি নোট থ্রি গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সিসা কার্তুজ, ৯টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।
সুপার আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর একটি দল নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই তল্লাশি অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।






















