প্রায় চার ঘণ্টা বিলম্বের পর জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি।
বিমানটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন। এর আগে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ সমস্যা দেখা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়।
তবে উড্ডয়নের আগেই রানওয়েতে থেমে যায় সেটি। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা দেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না। এ সময় তিনি জানান, দুই প্রকৌশলী ত্রুটি সারানোর কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে টারমাকে নেওয়া হয়। জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ায় পৌঁছানোর সময়েও পরিবর্তন হতে পারে।






















