রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সেখানে দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এর পর থেকে ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এদিন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা এর অনুমোদন দেয়।
এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।
এদিকে দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির পরমাণু শক্তি সংস্থা-রোসাটম। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে আগামী নভেম্বরে।

























